মাত্র ৭ মাস বয়স। এই বয়সে যার থাকার কথা মায়ের উষ্ণ কোলে, সে আজ হাসপাতালের বিছানায় শুয়ে চারপাশে তাকিয়ে যেন খুঁজে ফিরছে তার সবচেয়ে আপন মানুষটিকে। “আম্মু কোথায়?”—এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো কেউ নেই তার পাশে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শাহ সৈয়দ আহমদ গেসু দরাজ (রহ.) মাজার প্রাঙ্গণ থেকে শিশুটিকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয়দের অভিযোগ, তাকে সেখানে ফেলে রেখে চলে যান তার মা। পরে উপজেলা প্রশাসন ও সমাজসেবা বিভাগের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বর্তমানে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছে শিশুটি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তার প্রয়োজনীয় চিকিৎসা ও যত্ন নিশ্চিত করা হচ্ছে এবং সে আগের তুলনায় অনেকটাই সুস্থ রয়েছে।
সমাজসেবা বিভাগের কর্মকর্তারা শিশুটির প্রকৃত অভিভাবককে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ইতোমধ্যে অনেকেই শিশুটিকে দত্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তবে আইন অনুযায়ী প্রথমে তার পরিবারের সন্ধান করা হবে। অভিভাবক না পাওয়া গেলে, আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাকে এমন একটি নিরাপদ পরিবারের কাছে দেওয়া হবে, যেখানে সে ভালোবাসা, যত্ন ও নিরাপত্তার মধ্যে বেড়ে উঠতে পারে।
সবার প্রার্থনা—এই নিষ্পাপ শিশুটি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং জীবনে এমন একটি পরিবার পায়, যেখানে তাকে আর কখনো একাকীত্ব বা পরিত্যক্ত হওয়ার কষ্ট সহ্য করতে না হয়।
