নতুন ওয়েব ফিল্মে অভিনয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া সংবাদ, ছেলের নব্বই দশকের লুক এবং সুইমিং পুলের ছবি—বিভিন্ন বিষয় নিয়ে সম্প্রতি আলোচনায় এসেছেন চিত্রনায়িকা পরীমনি। তার নতুন কাজ ও সামাজিক যোগাযোগমাধ্যমের উপস্থিতি ঘিরে ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ।
চার বছর পর গিয়াসউদ্দিন সেলিমের সঙ্গে পরীমনি
চার বছর পর আবারও নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের সঙ্গে কাজ করছেন চিত্রনায়িকা পরীমনি। নতুন ওয়েব ফিল্ম ‘সেপারেশন’-এ অভিনয় করছেন তিনি। এরই মধ্যে শুরু হয়েছে ওয়েব ফিল্মটির শুটিং।
এর আগে গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় ‘স্বপ্নজাল’ ও ‘গুণিন’ সিনেমায় অভিনয় করেছেন পরীমনি। এবার বড় পর্দার বাইরে এই নির্মাতার সঙ্গে ওয়েব ফিল্মে কাজ করছেন তিনি।
‘সেপারেশন’-এ পরীমনির বিপরীতে অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ। গল্পে তারা স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন। দাম্পত্য সম্পর্কের টানাপোড়েন, দূরত্ব ও আবেগকে কেন্দ্র করে এগিয়েছে গল্প। বিচ্ছেদের আবহের এই গল্পে পরীমনিকে ভিন্ন একটি চরিত্রে দেখা যাবে বলে জানা গেছে।
গিয়াসউদ্দিন সেলিমের সঙ্গে নতুন ওয়েব ফিল্মে তাদের কাজের ধরন কেমন হয়, তা নিয়ে দর্শকদের আগ্রহ রয়েছে।
‘সেপারেশন’ মুক্তি পাবে আইস্ক্রিনে। তবে মুক্তির তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
গণমাধ্যমের নামে পরীমনি-আসিফকে নিয়ে ভুয়া সংবাদ
জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রিন্ট সংস্করণের নামে চিত্রনায়িকা পরীমনি ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদকে নিয়ে একটি ভুয়া সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
প্রচারিত ছবিতে দাবি করা হয়েছে, আসিফ মাহমুদ উপদেষ্টা থাকাকালে পরীমনিকে ‘নক’ করেছিলেন এবং তাকে নিয়ে দেশের বাইরে ঘুরতে যেতে চেয়েছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে সংবাদের শিরোনাম হিসেবে লেখা হয়েছে, ‘আসিফ মাহমুদ আমাকে নক করেছিলেন, তখন তিনি উপদেষ্টা ছিলেন, এবং আমাকে নিয়ে দেশের বাইরে ঘুরতে চেয়েছিলেন, আমি বিষয়টিকে গুরুত্ব দেইনি।’ প্রতিবেদনে এটিকে বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদকের সংবাদ হিসেবে দেখানো হয়েছে।
তবে অনুসন্ধানে পরীমনি প্রকাশ্যে এমন কোনো মন্তব্য করেছেন—এমন নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। তার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলোতেও এ ধরনের বক্তব্যের কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ছাড়া বাংলাদেশ প্রতিদিনের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজেও এ বিষয়ে কোনো প্রতিবেদন বা তথ্য খুঁজে পাওয়া যায়নি। ফলে প্রচারিত ছবিতে ব্যবহৃত সংবাদটির উৎস নিয়েও প্রশ্ন উঠেছে।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটি বিভিন্ন এআই শনাক্তকারী সরঞ্জামে যাচাই করা হয়। এতে ছবিটিকে এআই দিয়ে তৈরি করা হয়েছে বলে শনাক্ত করা হয়েছে।
অর্থাৎ, বাংলাদেশ প্রতিদিনের প্রিন্ট সংস্করণে পরীমনি ও আসিফ মাহমুদকে নিয়ে এমন কোনো সংবাদ প্রকাশিত হয়েছে—এমন প্রমাণ পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সংবাদপত্রের ছবিটিও বাস্তব নয়; যাচাইয়ে এটি এআই-নির্মিত বলে উঠে এসেছে।
ছেলেকে নব্বই দশকের লুকে সাজালেন পরীমনি
কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আশি ও নব্বইয়ের দশকের লুকে নিজেদের উপস্থাপনের প্রবণতা দেখা যাচ্ছে। এমন সময়ে কোনো এআই প্রযুক্তি ছাড়াই ছেলে শাহীম মোহাম্মদ পূণ্যকে নব্বই দশকের আবহে সাজিয়ে তুলেছেন চিত্রনায়িকা পরীমনি।
ছেলের চুলের ছাঁটে পরিবর্তন এনে তাকে যেন সেই সময়ের এক মিষ্টি নায়কের রূপ দিয়েছেন অভিনেত্রী।
সামাজিক মাধ্যমে ছেলে শাহীম মোহাম্মদ পূণ্যের তিনটি ছবি প্রকাশ করেছেন পরীমনি। ক্যাপশনে লিখেছেন, ‘মাই রিয়েল নাইনটিস হিরো’ অর্থাৎ ‘আমার নব্বই দশকের আসল নায়ক’।
ছবিতে নীল রঙের টি-শার্ট ও লম্বাটে ছাঁটের চুলে দেখা গেছে পূণ্যকে। তার নতুন এই রূপ দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। ছবি প্রকাশের পর মন্তব্যের ঘরে প্রশংসার জোয়ার বয়ে যায়।
এক অনুরাগী লিখেছেন, ‘ভবিষ্যতের ক্রাশ, হ্যান্ডসাম বয়!’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘যে যুগের হিরোই হোক, অলওয়েজ কিউটের ডিব্বা।’ আবার অনেকেই পূণ্যের সঙ্গে তার বাবার মিল খুঁজে পেয়ে লিখেছেন, ‘পুরাই বাপের মতন!’
উল্লেখ্য, চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলে শাহীম মোহাম্মদ পূণ্যকে একাই সামলে আসছেন পরীমনি। পরে একটি কন্যাসন্তান দত্তক নেন তিনি, যার নাম রাখেন সাফিরা সুলতানা প্রিয়ম। বর্তমানে দুই সন্তানকে নিয়ে সংসার ও ক্যারিয়ার সামলাচ্ছেন এ অভিনেত্রী।
তবে কয়েক দিন আগে তার কোলে নতুন এক সদ্যোজাতকে দেখা যায়। এ নিয়ে অনেকের ধারণা, আরও একবার সন্তান দত্তক নিয়েছেন পরীমনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের উপস্থিতি জানান দিতে পরীমনির আলাদা কোনো উপলক্ষের প্রয়োজন হয় না। ফ্যাশন, ব্যক্তিগত মুহূর্ত কিংবা অবসর—ক্যামেরার সামনে তার প্রতিটি নতুন উপস্থিতিই ভক্তদের আলোচনার বিষয় হয়ে ওঠে। এবারও তার ব্যতিক্রম হয়নি। সুইমিং পুলের পানিতে ভেজা চুলে অভিনেত্রীর নতুন দুটি ছবি প্রকাশের পর সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা।
সাঁতারের প্রতি পরীমনির ভালোবাসার কথা নতুন নয়। পুকুর কিংবা সুইমিং পুল—পানিতে সময় কাটাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন এ নায়িকা। গত আগস্টেও সুইমিং পুল থেকে বেশ কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন তিনি। সেসব ছবিতেও তার উপস্থিতি নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছিল।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ফেসবুকে দুটি ছবি প্রকাশ করেন অভিনেত্রী। ছবিতে দেখা যায়, সুইমিং পুলের পানিতে নেমে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন তিনি। পরনে ছিল সুইমস্যুট। একটি ছবিতে ভেজা চুলে হাত রেখে পেছন ফিরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে। অন্য ছবিতে পানির ওপর স্বাচ্ছন্দ্যে ভেসে থাকতে দেখা গেছে পরীমনিকে।
ছবি প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই তা ভক্তদের নজরে আসে। পোস্টটিতে জমা হতে থাকে হাজার হাজার প্রতিক্রিয়া। মন্তব্যের ঘরেও দেখা যায় শত শত মন্তব্য। এর বড় একটি অংশে পরীমনির এমন সাহসী লুক নিয়ে নেটিজেনদের নানা প্রতিক্রিয়া উঠে আসে।
পরীমনিকে ঘিরে সামাজিক মাধ্যমে এমন আলোচনা নতুন নয়। ক্যারিয়ারের ব্যস্ততার পাশাপাশি ব্যক্তিজীবন, ফ্যাশন ও জীবনযাপনের নানা মুহূর্তও নিয়মিত অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। ফলে তার নতুন কোনো ছবি প্রকাশ পেলেই তা ভক্তদের আলোচনার বিষয় হয়ে ওঠে।
এবারও সুইমিং পুলের পানিতে পরীমনির স্বাচ্ছন্দ্যময় মুহূর্তের ছবিগুলো সেই আলোচনাকে আরও বাড়িয়ে দিয়েছে। পানিতে ভেসে থাকা কিংবা ভেজা চুলে ক্যামেরার দিকে ফিরে তাকানোর মতো ভিন্ন ভঙ্গির ছবিগুলো প্রকাশের পরপরই অনুসারীদের মধ্যে ছড়িয়ে পড়ে।
